লালমোহন (ভোলা) সংবাদদাতা ঃ
ভোলার লালমোহনে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা ১১ বস্তা জেলে পূর্ণবাসনের চাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ৯ এপ্রিল) রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভেদুরিয়া গ্রামের বাসিন্দা মোসলেহ উদ্দিনের বসতঘর থেকে এ চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ধলীঢগৌরনগর ইউনিয়নের প্রশাসক ( উপজেলা আইসিটি অফিসার) মোঃ রবিউল আলম বাদী হয়ে মোসলেহ উদ্দিন (৫০) ও তার ছেলে মোঃ শাকিল (২৬), সহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামী করে লালমোহন থানায় মামলা করেন।
প্রশাসক মোঃ রবিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোসলেহ উদ্দিনের বসত ঘরে অভিযান চালিয়ে ১১ বস্তা চাল পাওয়া যায়। প্রতিটি বস্তার গায়ে খাদ্য অধিদপ্তরের লোগো আকাঁ ও খাদ্য অধিদপ্তর, নেট ওজন ৩০ কেজি লিখা। এসময় ঘটনাস্থলে থাকা এ চালের বিষয়ে কেউ কোন সদোত্তর দিতে পারে নাই বিধায় পুলিশের সহায়তার চালগুলি উদ্ধার করি। গত ৩-৪ দিন ধরে ঔ ইউনিয়নের জেলেদের মাঝে পূর্নবাসনের চাল বিতরণ চলছিল। চাল উদ্ধারের সময় মোছলেহ উদ্দিনের পরিবারের সদস্যরা জানিয়েছে, তাদের পরিবারে ৩-৪টি জেলে কার্ড রয়েছে। ধারণা করা হচ্ছে কালো বাজারে বিক্রির জন্য অবৈধভাবে এ চালগুলো মজুদ করা হয়েছিল। তবে কোথা থেকে কিভাবে মোসলেহ উদ্দিনের ঘরে এত সরকারী চাল প্রবেশ করলো সে বিষয়ে কিছু বলতে পারেনি মোঃ রবিউল আলম।
লালমোহন থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মোসলেহ উদ্দিন ও তার ছেলে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্বব হয়নি। তবে চালগুলো থানা হেফাজতে রয়েছে।
১০/৪/২০২৫


